মানুষ যত বড় পাপীই হোক না কেন, আল্লাহ তাআলার দরজা কখনো তার জন্য বন্ধ হয় না। আল্লাহর রহমত অসীম, আর ক্ষমা তাঁর অন্যতম গুণ। যে বান্দা আন্তরিকভাবে তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তার অতীত মুছে দিয়ে নতুন জীবনের সুযোগ দেন। তাওবা মানে শুধু অনুতাপ নয়-এটি নতুন এক জীবনযাত্রার সূচনা।
এ কথা বোঝাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হৃদয়স্পর্শী ঘটনার মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন।
আবু সাইদ খুদরী (রাঃ) বর্ণনা করেন, নবী করিম (সা.) বলেন-বনি ইসরাইলের এক ব্যক্তি নিরানব্বইজন মানুষকে হত্যা করেছিল। পরে সে অনুতপ্ত হয়ে জানতে চাইল, তার তাওবা কবুল হওয়ার সুযোগ আছে কি না। সে এক পাদরীর কাছে গিয়ে প্রশ্ন করলে, পাদরী উত্তর দিল, “না, তোমার জন্য ক্ষমা নেই।” এতে সে রাগান্বিত হয়ে পাদরীকেও হত্যা করল।
এরপর সে আবার খোঁজ নিতে শুরু করল। এক জ্ঞানী ব্যক্তি তাকে পরামর্শ দিলেন, “তুমি অমুক স্থানে চলে যাও, সেখানে সৎ মানুষরা বাস করে। তাদের সঙ্গে মিলিত হও, আল্লাহর পথে ফিরে আসো।”
সে নির্দেশ অনুযায়ী যাত্রা শুরু করল। কিন্তু পথে তার মৃত্যু এসে গেল। মৃত্যুর পর রহমতের ফেরেশতা ও আজাবের ফেরেশতা তার আত্মা নিয়ে বিতর্কে জড়ালেন।
তখন আল্লাহ তাআলা সেই স্থানের ভূমিকে নির্দেশ দিলেন-যেদিকে সে তাওবার উদ্দেশ্যে যাচ্ছিল, তা যেন কাছে চলে আসে, আর পেছনের স্থান দূরে সরে যায়। পরে উভয় দিকের দূরত্ব মাপা হলো। দেখা গেল, সে তাওবার পথে এক বিঘত পরিমাণ বেশি এগিয়ে গেছে। ফলে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। (সহিহ বুখারি, হাদিস: ৩৪৭০)
হাদিসের শিক্ষা :
আল্লাহর রহমত অসীম: পাপ যত বড়ই হোক, আন্তরিক তাওবা করলে আল্লাহ ক্ষমা করেন।
তাওবা দেরি করা বিপজ্জনক: মৃত্যুর আগে পর্যন্ত সুযোগ থাকে, তবে বিলম্ব ক্ষতির কারণ হতে পারে।
সৎ পরিবেশের প্রয়োজনীয়তা: গুনাহ থেকে মুক্তি পেতে ভালো সমাজ ও সৎ মানুষের সঙ্গে সম্পর্ক রাখা জরুরি।
মানুষ কাজের পাশাপাশি নিয়তের জন্যও পুরস্কৃত হয়।
আল্লাহর দয়া পথ সহজ করেন: বান্দা যখন তাওবার পথে এক কদম এগোয়, আল্লাহ তাঁর দিকে অনেক ধাপ এগিয়ে আসেন।
রহমতের প্রাধান্য: আল্লাহর রহমত এমনকি গুনাহগার তাওবাকারীকেও সম্মান ও মুক্তি দান করে।
তাওবার বাস্তব প্রয়োগ জরুরি: শুধু মুখের অনুতাপ নয়, ভুল জীবন ছেড়ে সত্য পথে ফিরে আসাই প্রকৃত তাওবা।
এই ঘটনা আমাদের শেখায়-যে-ই হোক, যত অপরাধীই হোক, যদি সে আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসে, তবে আল্লাহ তাঁর রহমতের বাহু মেলে ধরেন।





